বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর তামিল রিমেকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আর মাধবন। সম্প্রতি এর পেছনের আসল কারণটি খোলসা করেছেন তিনি।
অভিনেতা জানান, পরিচালকের দৃষ্টিভঙ্গির সঙ্গে তিনি একমত হতে পারছিলেন না এবং ফারহান কুরেশির মতো একটি জনপ্রিয় ও কালজয়ী চরিত্রের ভাবমূর্তি তিনি কোনোভাবেই নষ্ট করতে চাননি।
২০০৯ সালে রাজকুমার হিরানির পরিচালনায় নির্মিত এই কালজয়ী সিনেমায় ‘ফারহান’-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন ৫৬ বছর বয়সি এই অভিনেতা। সম্প্রতি ইউটিউবে প্রখ্যাত লেখক চেতন ভগতের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এই বিষয়ে মুখ খোলেন।
মাধবন জানান, একই চরিত্রে আবারও অভিনয় করার মধ্যে এক ধরনের আত্মতুষ্টির ঝুঁকি ছিল, যা তার অভিনয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
এই অভিনেতা বলেন, ‘থ্রি ইডিয়টস-এ ফারহান চরিত্রটির জন্য আমি যে সুনাম অর্জন করেছি, রিমেকে একটু উনিশ-বিশ হলে সেই ভালো কাজটি মুছে যেত এবং মানুষ এই ব্যর্থ রিমেইকটিকেই মনে রাখত।’
অভিনেতা আরও প্রকাশ করেন যে, তামিল রিমেকের নির্মাতা শঙ্করের কাজের ধরন ও দৃষ্টিভঙ্গি তাকে বেশ চিন্তিত করে তুলেছিল। মাধবনের ভাষ্যমতে, পরিচালক শঙ্কর তাকে বলেছিলেন যে তিনি অন্য বড় সিনেমার কাজ ধরার আগে ‘থ্রি ইডিয়টস’-এর রিমেকটি ঝটপট শেষ করার মতো প্রজেক্ট হিসেবে তৈরি করতে চান।
মাধবন ব্যাখ্যা করে বলেন, ‘পরিচালকের ওই কথাটি আমার মাথায় ভয়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। আপনি কোনোভাবেই থ্রি ইডিয়টস-এর মতো একটি সিনেমাকে তাড়াহুড়ো করে শেষ করার মতো প্রজেক্ট হিসেবে দেখতে পারেন না। এই সিনেমার মূল ভাবনার সঙ্গে তা একেবারেই যায় না।’
ফারহান চরিত্রটিকে নিজের অত্যন্ত ব্যক্তিগত ও আবেগের জায়গা হিসেবে বর্ণনা করে মাধবন বলেন, এই ভূমিকাটি তার কাছে ‘একটি ধর্মের মতো’ হয়ে উঠেছিল। তাই তিনি এর প্রভাবকে অক্ষুণ্ণ রাখতে চেয়েছিলেন, কেবল অর্থহীনভাবে পুনরায় পর্দায় ফুটিয়ে তুলতে চাননি।
তিনি যোগ করেন যে, কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে তিনি প্রজেক্টটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করেন এবং নির্মাতারা তাদের দৃষ্টিভঙ্গি কীভাবে প্রকাশ করছেন সেদিকে গভীর নজর দেন।
এদিকে, বলিপাড়ায় জোর গুঞ্জন চলছে যে রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর একটি সিক্যুয়েল (দ্বিতীয় পর্ব) নির্মাণের কাজ চলছে। সিনেমার গল্পে এবার তিন প্রধান চরিত্রের মধ্যবয়সের নানা টানাপোড়েন ও সংগ্রাম ফুটিয়ে তোলা হবে বলে জানা গেছে।


